নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মা। রোববার (১০ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— ওই গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)।
স্বজনদের বরাত দিয়ে কেন্দুয়ার পেমই পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া বলেন, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় এক ভাই অসাবধানতাবশত ঘরের পাশের একটি আর্থিংয়ের তার স্পর্শ করে বিদ্যুতায়িত হয়। তাকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার দিয়ে বাঁচাতে গেলে অপর ভাইও ওই তারের সংস্পর্শে আসে।
দুর্ঘটনার সময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আহত মাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিদ্যুতের আর্থিংয়ের তারে সাধারণত বিদ্যুৎ থাকে না। তবে সুইচবোর্ড থেকে কোনোভাবে ওই তারে বিদ্যুৎ চলে এসেছিল। এ কারণেই দুই শিশু বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।