বরিশাল থেকে ছেড়ে যাওয়া যমুনা লাইন পরিবহনের বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) ও তাদের ছেলে আজমাইন (৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার এসআই জামান জানান, দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসটি বেজহার বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি থ্রি-হুইলার। চলন্ত অবস্থায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ সময় ছয়জন আহত হয়েছেন। আহত মাহিন্দ্রার যাত্রীদের উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে পরে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পরই দুর্ঘটনাকবলিত দুটি যান আটক করা হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনায় থ্রি-হুইলারটি সামনের দিক থেকে দুমড়ে-মুচড়ে যায়। আরো ছয়জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। মা-ছেলের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।