কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩, আহত ১০

সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় ১৬ শতক জমি নিয়ে চাচাতো ভাই এরশাদ আলী ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে ওই জমির দখলকে কেন্দ্র করে প্রথমে তর্ক শুরু হয়। কিছুক্ষণ পর তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। নিহতদের পরিবার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাইলাটারী গ্রামের এরশাদ আলী (৩৫), কুলসুম বেগম (৫০) ও আলতাফ হোসেন (৫০)।

স্থানীয়রা জানান, সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় ১৬ শতক জমি নিয়ে চাচাতো ভাই এরশাদ আলী ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে ওই জমির দখলকে কেন্দ্র করে প্রথমে তর্ক শুরু হয়। কিছুক্ষণ পর তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মানিক মুন্সির ছেলে এরশাদ আলী ও তার বোন কুলছুম বেগম ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান বাচ্চা মিয়ার ছেলে আলতাফ হোসেন।

আহতদের মধ্যে অন্তত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

আহত নূর মোহাম্মদ জানান, ১৬ শতক জমি আলতাফ ও মিনক মুন্সী ৮ শতক করে কিনেছিলেন। কিন্তু মানিক মিয়া জমিটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছিলেন। রোববার দুপুরে আলতাফ হোসেনের পক্ষের লোকজন জমিতে গেলে তর্ক শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ বাধে। তিনি আরো জানান, তিনি নিজেও মারধরের শিকার হয়েছেন। এরপর কী হয়েছে তা আর বুঝতে পারেননি।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিনজন মারা গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান।

আরও