ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তী) আসনের নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া। বিষয়টি আজ সোমবার (৯ জানুয়ারি) নিশ্চিত করেছেন এই প্রার্থী।
আবেদনে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের আপিল নং–৫০০/২০২৬-এর রায়ে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পান। এরপর ২৩ জানুয়ারি তার প্রতীক ‘ফুটবল’ বরাদ্দ দেয়া হয়। তবে এর আগেই অর্থাৎ ২১ জানুয়ারি থেকেই বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটগ্রহণ শুরু হয়।
তিনি দাবি করেন, তার প্রার্থিতা ও প্রতীক বরাদ্দের আগেই প্রবাসী পোস্টাল ভোটগ্রহণ শুরু হওয়া নির্বাচনী আইনের পরিপন্থী। পরবর্তীতে ২৭ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালটে তার নাম ও প্রতীক অন্তর্ভুক্ত করা হলেও এর আগেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটগ্রহণ করা হয়েছে।
আবেদনে বলা হয়, চাঁদপুর-৫ আসনে প্রবাসী পোস্টাল ভোটারের সংখ্যা মোট ১১ হাজার ৮১২ জন। প্রার্থিতা ও প্রতীক অন্তর্ভুক্ত হওয়ার আগেই এসব ভোটগ্রহণ করায় নির্বাচনের স্বচ্ছতা ও সমতা নিয়ে প্রশ্ন ওঠেছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসারকে অবগত করা হলে তিনি সমস্যার সমাধানে অপারগতা প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এ অবস্থায় প্রার্থিতা ও প্রতীক পাওয়ার পূর্বে প্রবাসী পোস্টাল ভোটগ্রহণ শুরু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর-৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সুদৃষ্টি কামনা করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া।
আবেদনের অনুলিপি জেলা রিটার্নিং অফিসার, সহকারী জেলা রিটার্নিং অফিসার এবং হাজীগঞ্জ ও শাহরাস্তী উপজেলার রিটার্নিং অফিসারদের কাছেও পাঠানো হয়েছে।