নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় মো. রফিকুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার খন্দকার নিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ।
মৃত রফিকুল ইসলাম (৫৫) ময়মনসিংহ চরপাড়া এলাকার আব্দুল সুবাহানের ছেলে। তিনি নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি একজন মুদি দোকানদার ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রফিকুল ইসলাম নাগড়া ফুটওভার ব্রিজের পাশে দোকান পরিচালনা করে প্রতিদিনের মতো রাত ১টার দিকে দোকান বন্ধ করে নিজ বাসার দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি দ্রুতগতির মোটরসাইকেল রফিকুল ইসলামকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশের একটি দেয়ালে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলামের ছেলে এম এস আরিফ জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুটো পা ভেঙে গিয়েছিল। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমরা থানায় কোনো অভিযোগ করিনি, তবে দুর্ঘটনার পর চালকের ফেলে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে গেছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ জানান, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে এসেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।