নতুন নির্মিত সেতুতে এক্সট্রা ডিসট্যান্স অব পন্টেজ চার্জ (অতিরিক্ত মাশুল) আরোপ করে বিনিয়োগের অর্থ তুলছে বাংলাদেশ রেলওয়ে। এবার পুরনো সেতু, কালভার্টেও পন্টেজ চার্জ আরোপ করেছে সংস্থাটি। ১১টি সেতুতে নিয়মিতভাবে এ চার্জ কার্যকরের ফলে ২০ ডিসেম্বর থেকে সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়াচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। এতে সর্বোচ্চ ভাড়া বাড়ছে ২০০ টাকারও বেশি। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের পর গতকাল পূর্বাঞ্চল রেলের বাণিজ্যিক বিভাগ থেকে নতুন ভাড়া কার্যকরের বিষয়টি অনুমোদিত হয়েছে। ২০ ডিসেম্বর থেকে টিকিট ক্রয়ে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলের আয় বাড়াতে পুরনো সেতু ও কালভার্টের ওপর পন্টেজ চার্জ আরোপের সিদ্ধান্ত হয়। এজন্য ১০০ মিটার বা তদূর্ধ্ব ব্রিজ ও কালভার্টের ডিসট্যান্স চার্ট রেলওয়ে কর্তৃপক্ষ অনুমোদন করে। গত ২৫ নভেম্বর রেলের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে নতুন ভাড়া ২০ ডিসেম্বর থেকে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে চিঠি দেন। এরপর ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূঁইয়া কার্যকর ও জনস্বার্থে প্রচারে চিঠি অনুমোদন করেন। এ হিসাবে পূর্বাঞ্চলের সর্বনিম্ন ভাড়া বাড়ছে ৫ টাকা আর সর্বোচ্চ ২২৬ টাকা।
মূলত আগে প্রতি কিলোমিটার সেতুকে ১৭ কিলোমিটার দূরত্ব বিবেচনায় ভাড়া আদায় করা হতো। নতুন নিয়মে প্রতি কিলোমিটার সেতুকে ২৫ কিলোমিটার হিসাব করে ভাড়া নেবে রেলওয়ে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, পূর্বাঞ্চলের সাধারণ ট্রেনের (আন্তঃনগর, মেইল ও কমিউটার) ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বর্তমান একমুখী ভাড়ার দূরত্ব ৩৪৬ কিলোমিটার। পন্টেজ আরোপের পর দূরত্ব ৩৫ কিলোমিটার বেড়ে হচ্ছে ৩৮১ কিলোমিটার। এ হিসাবে মেইল ট্রেনের সর্বোচ্চ দূরত্বে (ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা) ভাড়া বাড়ছে ১৫ টাকা, কমিউটার ট্রেনে ২০ টাকা, শোভন চেয়ারে ৪৫ টাকা, প্রথম সিটে ৬৪ টাকা, স্নিগ্ধা ৮০, প্রথম বার্থ ও এসি সিট ৯৮ এবং এসি বার্থের ভাড়া বাড়ছে ১৪৩ টাকা। একই রুটে বিরতিহীন ট্রেনগুলোর মধ্যে শোভন চেয়ারে ৪৯ টাকা, প্রথম সিট ৬৯ টাকা, স্নিগ্ধা ৮৮ টাকা, প্রথম বার্থ ও এসি সিট ১০৮ টাকা এবং এসি বার্থের ভাড়া বাড়ছে ১৫৯ টাকা। সর্বোচ্চ দূরত্ব ছাড়াও মধ্যবর্তী স্টেশনগুলোর সেকশন অনুযায়ী আরোপিত পন্টেজ দূরত্ব হিসাব করে ভাড়া বাড়বে।
একইভাবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বর্তমান একমুখী ভাড়ার দূরত্ব ৫৩৫ থেকে বেড়ে হচ্ছে ৫৮৬ কিলোমিটার। বাড়তি ৫১ কিলোমিটারের জন্য মেইল ট্রেনে ভাড়া বাড়ছে ২০ টাকা, কমিউটারে ২৫ টাকা, শোভন চেয়ারে ৬০ টাকা, প্রথম সিটে ৯২ টাকা, স্নিগ্ধায় ১১৫ টাকা, প্রথম বার্থ ও এসি বার্থে ১৩৮ টাকা এবং এসি বার্থে ভাড়া বাড়ছে ২০৭ টাকা। এই রুটের বিরতিহীন ট্রেনের শোভন চেয়ারে ভাড়া বাড়ছে ৬৪ টাকা, প্রথম সিটে ১০১, স্নিগ্ধায় ১২৭, প্রথম বার্থে ১৫১, এসি সিটে ১৫০ টাকা এবং এসি বার্থের ভাড়া বাড়ছে ২২৬ টাকা।
ঢাকা-সিলেট-ঢাকা রুটের বর্তমান একমুখী ভাড়ার দূরত্ব ৩১৯ কিলোমিটার থেকে বেড়ে হচ্ছে ৩৫০ কিলোমিটার। মেইল ও কমিউটারের ভাড়া বাড়ছে ১৫ টাকা, শোভন চেয়ারে ৩৫ টাকা, প্রথম সিট ৫৮ টাকা, স্নিগ্ধা ৬৯ টাকা, প্রথম বার্থ ও এসি সিট ৮০ টাকা এবং এসি বার্থের ভাড়া বাড়ছে ১২৭ টাকা। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের একমুখী দূরত্ব ৩৯১ থেকে বেড়ে হচ্ছে ৪০৩ কিলোমিটার। এ রুটে ভাড়া বাড়ছে মেইল ও কমিউটারে ১০ টাকা, শোভন চেয়ার ২৫ টাকা, প্রথম সিট ৪০ টাকা, স্নিগ্ধা ৫২ টাকা, প্রথম বার্থ ও এসি সিট ৫৭ টাকা এবং এসি বার্থের ভাড়া বাড়ছে ৮৭ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম-জামালপুর-চট্টগ্রাম (ভায়া: ভৈরববাজার-ময়মনসিংহ) রুটের একমুখী দূরত্ব ৪৪৭ থেকে বেড়ে হচ্ছে ৪৬৪ কিলোমিটার। বাড়তি ১৭ কিলোমিটারের ভাড়া বাড়ছে মেইল-কমিউটারে ১০ টাকা, শোভন চেয়ারে ২০ টাকা, প্রথম সিট ২৯ টাকা, স্নিগ্ধা ৩৪ টাকা, প্রথম বার্থ ও এসি সিট ৪৬ টাকা এবং এসি বার্থের ভাড়া বাড়ছে ৬৯ টাকা। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের একমুখী বর্তমান দূরত্ব ২১২ থেকে বেড়ে হচ্ছে ২১৬ কিলোমিটার। বাড়তি ৪ কিলোমিটারের জন্য মেইল ট্রেনে কোনো ভাড়া বাড়ছে না। তবে কমিউটার ট্রেন, শোভন চেয়ার ও প্রথম সিটের ভাড়া বাড়ছে ৫ টাকা করে। এছাড়া স্নিগ্ধা ১১ টাকা, প্রথম বার্থ ও এসি সিট ১২ এবং এসি বার্থের ভাড়া বাড়ছে ১৭ টাকা।
রেলওয়েসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে রেলের ভাড়া বাড়েনি। অন্তর্বর্তী সরকারের আগে কয়েক দফায় ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেয়া হলেও যাত্রীদের অসন্তোষের শঙ্কায় সেটি বাস্তবায়ন হয়নি। বর্তমানে রেলওয়ে পরিচালন ব্যয়ের বিপরীতে আয় সমন্বয় করতে বিকল্প পরিকল্পনা হাতে নিয়েছে। রেয়াতি সুবিধা প্রত্যাহার, এক্সট্রা কোচে ভ্রমণে ২০ ও ৩০ শতাংশ (এসি ও নন-এসি) হারে বাড়তি ভাড়া, আসন সংরক্ষণ টিকিট ও কোচে বাড়তি ভাড়ার পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের নন-এসি প্রথম শ্রেণীর টিকিটে ভ্যাট যুক্ত করা হয়। এরপর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নের পর এক্সট্রা ডিসট্যান্স অব পন্টেজ চার্জ আরোপ হয়েছে। শুরুতে পদ্মা সেতুসহ পশ্চিমাঞ্চলের বড় সেতুগুলোর মাধ্যমে এ পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের পরও কয়েকটি সেতুতে একই পদ্ধতি অনুসরণ করা হয়। এবার পূর্বাঞ্চলের সব সেতু ও কালভার্ট পর্যালোচনা করে ১০০ মিটার বা তার চেয়ে দীর্ঘ সেতুতে পন্টেজ চার্জ আরোপ করে ভাড়া বাড়াচ্ছে রেলওয়ে।
বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে, রেলওয়ে বর্তমানে লোকসানে যাত্রী পরিবহন করলেও নিয়মিত ভাড়া বাড়াচ্ছে না। এজন্য রেলওয়ে আইন শতভাগ প্রয়োগের মাধ্যমে কিছুটা ভাড়া বৃদ্ধি করে আয় বাড়াতে চাইছে। পূর্বাঞ্চলে আরোপিত নতুন ভাড়ার হার এরই মধ্যে টিকিট বিক্রি ব্যবস্থাপনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজকে (জেভি) পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর থেকে রেলের অগ্রিম টিকিটে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।
জানা গেছে, পদ্মা সেতুতে ট্রেন সার্ভিস চালুর সময় সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার হিসাবে গণনা করে ভাড়া নির্ধারণ করা হয়। এছাড়া ওই সময়ে অবকাঠামোর ভায়াডাক্টের প্রতি কিলোমিটারকে পাঁচ কিলোমিটার হিসাবে গণনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ে রেলওয়ে সারা দেশের ১০০ মিটারের ঊর্ধ্বে বিভিন্ন সেতু-কালভার্টে পন্টেজ চার্জ আরোপ করতে নির্দেশনা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন সার্ভিস চালু হলে বেশ কয়েকটি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়। এখন সারা দেশের সব ১০০ মিটারের চেয়ে দীর্ঘ সেতুতে পন্টেজ চার্জ আরোপ করতে যাচ্ছে রেলওয়ে। এতে ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ট্রেনগুলোর যাত্রী ভাড়া (আন্তঃনগর ট্রেন) সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বণিক বার্তাকে বলেন, ‘রেলের ভাড়া ২০১৬ সালে সর্বশেষ বাড়ানো হয়েছিল। পশ্চিমাঞ্চলে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি রেলওয়ে অবকাঠামো স্থাপনের পর পন্টেজ চার্জ আরোপ করা হলেও পূর্বাঞ্চলে করা হয়নি। এখন পূর্বাঞ্চলের মাত্র ১১টি সেতুর জন্য পন্টেজ চার্জ যুক্ত করা হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রামের সর্বনিম্ন ভাড়া বাড়ছে মাত্র ১৫ টাকা। সাধারণ যাত্রীদের ভাড়া কম বাড়ানো হয়েছে।’
মূলত সেতু স্থাপন ও মেরামতে বাড়তি বিনিয়োগের কারণে রেলওয়ে আইনের অধীনেই ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।