স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন, ব্যয় ১৪৪২ কোটি টাকা

টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড একটি প্রস্তাবে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ১১ দশমিক ৪৪ ডলার, আরেকটিতে ১১ দশমিক ৩৪ ডলার এবং তৃতীয় প্রস্তাবে ১১ দশমিক ৫৪ ডলার প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের জন্য মনোনীত হয়।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় এ অনুমোদন দেয়া হয়। এই তিন কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪২ কোটি টাকা। যুক্তরাজ্যের মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এই তিন কার্গো এলএনজি সরবরাহ করবে। আগামী অক্টোবর মাসে এই কার্গোগুলো দেশে পৌঁছাবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 'পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮' অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এই এলএনজি সংগ্রহ করা হচ্ছে। টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড একটি প্রস্তাবে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ১১ দশমিক ৪৪ ডলার, আরেকটিতে ১১ দশমিক ৩৪ ডলার এবং তৃতীয় প্রস্তাবে ১১ দশমিক ৫৪ ডলার প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের জন্য মনোনীত হয়।

এছাড়া রাশিয়া, মরক্কো ও কানাডা থেকে তিন ক্যাটাগরির ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এছাড়া চলতি অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সারও কেনা হবে। বাংলাদেশী মুদ্রায় এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩২৩ কোটি টাকার বেশি।

বৈঠকে শেষে জানানো হয়, সার ক্রয়ের বাইরে ১৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মেসার্স জেনট্রেড এফজেডই এটি সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৩৬৯ ডলার দরে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৭১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার টাকা।

বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যবই কেনার জন্য আলাদা তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এই তিন শ্রেণীর বই কিনতে তিন প্রস্তাবে সরকারের ব্যয় হবে ৬০৪ কোটি টাকা। এই তিন প্রস্তাবের মাধ্যমে প্রায় ১১ কোটি ৯০ লাখ কপি পাঠ্যবই কিনবে সরকার।

একই দিনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'র সভায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। এর আওতায়, বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশন (বিজেএমসি)-এর অধীনস্থ লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের ৬.৪৮৫ একর জমি বাংলাদেশ পুলিশের কাছে বাজার মূল্যে বিক্রির অনুমোদন দেয়া হয়েছে।

আরও