চাঁদপুর শহরে বাসের চাপায় তোফায়েলেন্নেছা মায়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বন বিভাগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েলেন্নেছা মায়া ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তোফায়েলেন্নেছা মায়া বন বিভাগ সড়ক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী বেপরোয়া গতির বোগদাদ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে নিহতর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।