নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

ডিপিডিসির মিটার রিডার গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির বহিষ্কৃত বিদ্যুতের মিটার রিডার আরিফুল রহমানকে (৩০) গ্রেফতার করে সিআইডি পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির বহিষ্কৃত বিদ্যুতের মিটার রিডার আরিফুল রহমানকে (৩০) গ্রেফতার করে সিআইডি পুলিশ। গতকাল নারায়ণগঞ্জের কিল্লাপুল আঞ্চলিক বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ফতুল্লা অঞ্চলের চার প্রকৌশলীসহ আটজন এবং বিদ্যুৎ বিভাগের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্যাসের লিকেজ মেরামত করার জন্য মসজিদ কমিটির কাছে ৫০ হাজার টাকার যে ঘুষ চাওয়া হয়েছিল তার প্রমাণ আছে সিআইডির কাছে। তিতাসের কোন কর্মকর্তা ঘুষ চেয়েছিলেন তাকে শনাক্ত করা গেছে। অচিরেই তাকে আইনের আওতায় আনা হবে।

সিআইডি নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ জানান, মিটার রিডারের কাজ হচ্ছে প্রতি মাসে মসজিদে সরেজমিন গিয়ে বিদ্যুতের মিটার দেখে সঠিক রিডিং নিয়ে এসে বিল করা। মসজিদে যদি তিনি প্রতি মাসে যেতেন তাহলে মসজিদে যে আরেকটি অবৈধ সংযোগ রয়েছে, সেটি তার চোখে পড়ত। অবৈধ সংযোগের বিষয়টি তিনি কর্তৃপক্ষেকে অবহিত করতেন। কিন্তু তিনি প্রতি মাসে না গিয়ে মিটার রিডিং সংগ্রহ করে বিল করতেন। তিনি নিয়মিত পরিদর্শন করলে এ ভয়াবহ বিস্ফোরণ হতো না। এতে প্রমাণ হয় তার গাফিলতি ছিল।

তিনি জানান, মসজিদ পরিচালনা কমিটির যেসব সদস্য সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের গাফিলতির প্রমাণ সিআইডির হাতে এসেছে। অচিরেই মসজিদ কমিটির ওইসব সদস্যকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর বাবুল হোসেন জানান, মিটার রিডার আরিফুল রহমানকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও