চট্টগ্রামের আনোয়ারায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে পড়ে সিয়াম (১৯) ও আনিস (২৫) নামের দুই শ্রমিক মারা যান। এছাড়া এদিন সকালে উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসি’র একটি শাখা থেকে নিরাপত্তাকর্মী অঞ্জন মল্লিকের (৫২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গুন্ধীপপাড়া এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যান সিয়াম ও আনিস। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সিয়ামের বাড়ি কুষ্টিয়া ও আনিসের বাড়ি রাজশাহীতে।

অন্যদিকে এদিন সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে নিরাপত্তাকর্মী অঞ্জন মল্লিককে পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দেয়া হলে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ব্যাংক থেকে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া দুই শ্রমিকের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও