নাটোরে চেম্বারে ঢুকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেছে এক বিচারপ্রার্থী। এ সময় হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন আইনজীবীরা। গুরুতর আহত অবস্থায় আইনজীবী আসাদুল ইসলাম ও হামলাকারী কাবিল হোসেনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের বাসিন্দা ও বিচারপ্রার্থী কাবিল হোসেন জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় অ্যাডভোকেট আসাদুল ইসলামের চেম্বারে গিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাথা ও হাতে গুরুতর আঘাত পান।
আসাদুল ইসলামের চিৎকারে অন্য আইনজীবীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে হামলাকারী কাবিল হোসেনকে আটক করে গণপিটুনি দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনজীবী আসাদুল ইসলাম ও হামলাকারী কাবিল হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মামলা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।