চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হয়েছে। আজ থেকে সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা-যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। এতে দূরত্ব কমবে প্রায় ৬০০ কিলোমিটার। করোনাকালে এ ইমিগ্রেশন চেকপোস্টটি বন্ধ হয়ে যায়। এ কারণে ভারতে ব্যবসা, চিকিৎসা ও ভ্রমণ করতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ আশপাশ জেলার যাত্রীদের যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে যাওয়া-আসা করতে হতো।
গতকাল দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উভয় দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা ফুল দিয়ে একে অন্যকে শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, ভারতের মহদীপুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার (কাস্টমস) দেবাশীষ মুখোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (এডিএম) বৈভব চৌধুরী, বিএসএফের কমান্ড্যান্ট সঞ্চয় শর্মা, মহদীপুর স্থলবন্দরের সুপার এলসি ইনচার্জ দেশ দুলাল চ্যাটার্জি প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হওয়ায় বৃহত্তর রাজশাহী অঞ্চলের ভারতগামী যাত্রীদের একদিকে যেমন খরচ কমবে, তেমনি দূরত্ব করবে। ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রণে আমরা ২৫ ব্যবসায়ী এ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছি।’
করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রফতানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টটির বিপরীতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহদীপুর স্থলবন্দর।