জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুরে যদি ১০০ লোক থাকে তবে সেই ১০০ লোককেই মাস্ক পরতে হবে। এটা বাধ্যতামূলক। মাস্কের বিকল্প নেই। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মেহেরপুরের ৩৫ জন অসহায়, অসুস্থ ও আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মাঝে সহায়তা হিসেবে ২৪ লাখ টাকা বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই নিজেকে সতর্ক হতে হবে এবং অন্যদেরও সতর্ক হতে হবে। বেশির ভাগ সময়ে নিজ ঘরে অবস্থান করতে হবে। যারা অভাবগ্রস্ত তাদের জন্য সরকার খাদ্যের ব্যবস্থা করছে।
তিনি আরো বলেন, যত দিন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন মহান আল্লাহতায়ালা তার মাধ্যমে দেশের মানুষকে পর্যাপ্ত খাদ্যসামগ্রী প্রদান করছেন। এখন প্রতিদিনই তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছেন ৪০ জনের বেশি। তাই মানুষকে বাঁচতে হলে সচেতন হতে হবে।