কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেডের পক্ষ থেকে গতকাল পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। কমপ্লিট শাটডাউনে রাজধানীজুড়ে সংঘর্ষ এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ক্ষুদে বার্তায় কোম্পানিটি জানায়, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২০ জুলাই থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, গতকাল ঢাকায় মিরপুর-১০ ও কাজীপাড়ায় মেট্রো স্টেশনে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে রাজধানীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চলমান পরিস্থিতিতে সম্পদের সুরক্ষার জন্য ট্রেন চলাচল সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। অন্যদিকে স্বল্প পরিসরে চালু রয়েছে দেশের অভ্যন্তরীণ নৌপথ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।