পেশাগত ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে বোয়েসেলের সঙ্গে থাই প্রতিনিধিদলের সভা

বৈঠকে থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের চেয়ারম্যান নিরুত্তি সুত্তিনন থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যদিকে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বোয়েসেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) পরিদর্শন করেছে থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের আট সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার এ পরিদর্শন উপলক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বোয়েসেলের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের চেয়ারম্যান নিরুত্তি সুত্তিনন থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যদিকে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বোয়েসেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সভায় বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে স্বচ্ছ, সুশৃঙ্খল, নৈতিক, নিরাপদ ও স্বল্প ব্যয়ে দক্ষ কর্মী পাঠানোর বিদ্যমান মডেল সম্পর্কে থাইল্যান্ডের প্রতিনিধিদলকে জানানো হয়। বোয়েসেলের এ মডেল সম্পর্কে থাইল্যান্ডের সিনেট প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে এবং নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।

সভায় থাইল্যান্ডের নির্মাণ, কৃষি এবং পর্যটন ও আতিথেয়তা খাতে বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের প্রতি বোয়েসেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, থাইল্যান্ডের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট কর্মীদের কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বা ওরিয়েন্টেশন দেয়া হবে। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশের সঙ্গে অভিযোজন এবং নিরাপদ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শ্রমবাজারভিত্তিক সহযোগিতা আরো সম্প্রসারণ এবং বাংলাদেশী কর্মীদের জন্য থাইল্যান্ডে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে স্বচ্ছ, সুশৃঙ্খল, নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভাটি শেষ হয়।

আরও