অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ছবি- ডিএমপি
২০০৭ সালের ১১ জানুয়ারি যখন সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়, তখন মাসুদ সাভারের ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।
তাকে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল এবং এর কিছুদিন পরই ২০০৮ সালের ২ জুন তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে নিযুক্ত করা হয়।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মাসুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ২০০৮ সালের ৮ জুন তাকে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত করে তৎকালীন সরকার। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে রাখে।
২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন।
সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জনশক্তি রফতানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।