গাজীপুরে শাপলা বিলে নৌকাডুবি, দুই যুবকের মৃত্যু

পাঁচ বন্ধু মিলে জেলার মাওনা এলাকা থেকে শাপলা ফুল তুলতে ও বিল এলাকায় ঘুরতে এসে একটি ছোট নৌকা ভাড়া করে বিলে নামেন। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাৎ হয়ে যায়। এতে মাহিন ও বায়েজিদ পানিতে পড়ে তলিয়ে যান।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের বাউন পাড়দিয়া শাপলা বিলে নৌকা ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে বন্দে আলী হাজীর বাড়ির পেছনের বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে মাহিন (১৬) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজীদ (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বন্ধু মিলে জেলার মাওনা এলাকা থেকে শাপলা ফুল তুলতে ও বিল এলাকায় ঘুরতে এসে একটি ছোট নৌকা ভাড়া করে বিলে নামেন। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাৎ হয়ে যায়। এতে মাহিন ও বায়েজিদ পানিতে পড়ে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, বিলে থাকা স্থানীয় মহিলারা চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার কাজে অংশ নেন। প্রথমে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনের লাশ প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়।

কাপাসিয়া থানার এসআই জাহিদ হাসান বলেন, নিহত মাহিনের লাশ আমরা উদ্ধার করেছি। বাকি তদন্ত চলছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী জানান, ঘটনাস্থল থেকে বায়েজিদের লাশ উদ্ধার করা হয়েছে ।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও