ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। পরে ওই মাইক্রোবাস থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চালক ও মাদক কারবারিরা পালিয়ে গেছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মাইক্রোবাস ও গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশের নজরে আসে।
তিনি জানান, সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পুলিশ তখন মাইক্রোবাসটিকে ধাওয়া করে। গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছিল। একপর্যায়ে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
মাইক্রোবাসটি পুকুরে পড়ে যাওয়ার পর গাড়িতে থাকা গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে ওঠে। এ সময় চালক ও মাদক পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান। পরে পুলিশ ৯ বস্তা গাঁজা জব্দ করে।
প্রতিটি বস্তায় কী পরিমাণ গাঁজা রয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।