ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান (২৪)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গৌরিপুর এলাকার সুরুজ আলীর ছেলে।

আজ রোববার (২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর মুহুরীগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

ফেনীতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দীপক দেওয়ান জানান, সকালে স্থানীয়দের কাছে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। মরদেহ উদ্ধারের পর পরে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পকেটে থাকা একটি জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোনে মাধ্যমে তার নাম ঠিকানা ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতের পরিবারের বরাতে রেল পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড যাচ্ছিলেন মেহেদী হাসান। আনন্দ উপভোগ করতে তারা ঢাকা-চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে উঠে বসেন। ট্রেনটি ফেনীর অদুরে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার পৌঁছালে ছাদ থেকে পড়ে যায় মেহেদী হাসান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও