কুড়িগ্রামে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নিহত ও আহতরা ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাটে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশের তল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কে ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম ছেড়ে আসা মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে দুর্ঘটনায় পড়া সবাইকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তখন এক শিশুসহ তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছে বলে গত রাতে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

নিহত ও আহতরা ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান।

আরও