যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ১৪-১৬ মে অনুষ্ঠিত দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম ও এক্সপোজিশন-২০২৪ শেষে রোববার রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা মহাকাশ হুমকি মোকাবেলা, স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুতকরণ, সংঘাতপূর্ণ সমস্যাগুলো মোকাবেলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।
ল্যানপ্যাক সিম্পোজিয়াম ও এক্সপোজিশনে যোগদানের পাশাপাশি বাংলাদেশ সেনাপ্রধান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকালে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধান অ্যাসোসিয়েশন অব দ্য ইউনাইটেড স্টেটস আর্মির প্রেসিডেন্ট ও সিইওর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্র সফর করেন। —আইএসপিআর