ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সেযোগে তাকে ঢাকার শেখ রাসেল গেস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ প্রফেসর চিত্তরঞ্জন দেবনাথ জানান, বেশ কয়েকদিন ধরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করা হয়েছিল। গত ৮ জুন তার পরীক্ষায় নেগেটিভ আসলেও করোনার সব ধরনের উপসর্গ তার শরীরে বিদ্যমান। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ডা. এমদাদ উল্লাহ খানের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ডা. ফারুককে বিশেষ অনুরোধ করা হয়েছে বলেও জানান মমেক অধ্যক্ষ।
এমতবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানের নির্দেশনায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, ডা. এমদাদ করোনার উপসর্গের পাশাপাশি একিউট নিমোনিয়া, এ আরডিএস রোগে ভুগছেন। এ ধরনের রোগ তার আগে কখনো ছিল না। বিশেষজ্ঞ প্যানেল তার সকল রোগের সিম্পটম দেখে করোনা পজিটিভ হিসেবে মতামত দিয়েছেন। পুনরায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা রাখা হয়েছে।
ডা. এমদাদ খানের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা। এই চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২৪তম বিসিএস এ যোগদান করেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় পরিষদের ময়মনসিংহ বিভাগীয় করোনা মনিটরিং সেলের সমন্বয়ক, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এইচ. এ. গোলন্দাজ মূমুর্ষূ রোগী চিকিৎসক এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ঠ সবাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।