আলীকদমে ঢলে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

পুলিশ ধারণা করছে, তৈন খালের উজানে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে তিনি ভেসে গিয়েছিলেন।

বান্দরবানের আলীকদম উপজেলার গহীনে তৈন খাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যাওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন।

বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট ঘাট এলাকায় মাতামুহুরী নদীর কূল থেকে শেখ জুবাইরুল ইসলাম (৩৫) নামের ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, তৈন খালের উজানে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে তিনি ভেসে গিয়েছিলেন।

মৃত শেখ জুবাইরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলিতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শেখ হিদায়েতুল ইসলাম ও মায়ের নাম কামরুন্নাহার। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ২৮৫৪২৭১০৪১।

পুলিশ জানায়, ‘ট্যুর এক্সপার্ট গ্রুপ’ নামের একটি পর্যটক দল বুধবার (১১ জুন) আলীকদমে আসে। ৩৩ সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন দলের অ্যাডমিন স্মৃতি। দলের সহকারী হিসেবে ছিলেন হাসান নামের এক যুবক। স্থানীয় দুজন গাইডকেও সঙ্গে নেন তারা। তাদের লক্ষ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় হয়ে থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া পর্যন্ত যাত্রা করা।

দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাত্রা শুরু করে। এক দলে ২২ জন ও অন্য দলে ১১ জন সদস্য ছিলেন। ঢলে ভেসে যাওয়ার ঘটনাটি ২২ জনের দলে ঘটে। ওই দলের ১৯ জন এখন আলীকদম থানায় অবস্থান করছেন। বাকি তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন অ্যাডমিন স্মৃতি ও কো-হোস্ট হাসান।

গত বুধবার রাতে আলীকদম সদর থেকে ১০-১২ কিলোমিটার গহীনে তারা তৈন খাল পার হচ্ছিলেন। ১৯ জন নিরাপদে পার হলেও তিনজন ঢলের পানিতে পড়ে যান। বৃহস্পতিবার ভোরে ফরেস্ট ঘাট এলাকার মাতামুহুরী নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

আলীকদম থানার পরিদর্শক শাহাদাৎ হোসাইন বলেন, গত দুদিনে আনুমানিক দুই থেকে আড়াইশ পর্যটক উজানের দিকে বেড়াতে যান। এ সময় সেসব এলাকায় নদী ও খাল সরু ছিল। পরে ভারী বৃষ্টিতে হঠাৎ বড় ঢল নামে। আবার বৃষ্টি থামার এক ঘণ্টার মধ্যে পানি নেমে যায়। ধারণা করা হচ্ছে, ঢলের সময় খাল পার হতে গিয়ে তারা ভেসে যান। উদ্ধার হওয়া মরদেহের পরনে কোনো পোশাক ছিল না, পায়ে শুধু অ্যাংলেট ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে বলা হয়েছে, একজন মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। পর্যটকদের ভ্রমণের আগে উপজেলা প্রশাসনের তথ্য সহায়তা বুথে নিবন্ধন বাধ্যতামূলক। প্রতি ১২ জনের জন্য একজন গাইড নিশ্চিত করতে হবে। কিছু অসাধু লোক রেজিস্ট্রেশন ও গাইড ছাড়াই পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ে যান। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

আরও