শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনার পর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ সোমবার সকালে এ নির্দেশনা জারি করা হয়।
বেলা ১১টায় মুঠোফোনে বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল।
এদিকে নির্দেশনা পাওয়ার পর দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।
এর আগে গতকাল রোববার দুপুর ২টা ১০ মিনিটে পণ্যবাহী কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ ধাক্কায় শীতলক্ষ্যায় ডুবে যায় এমএল আশরাফউদ্দিন নামে একটি লঞ্চ। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ সাতজনের লাশ উদ্ধার হয়েছে।