ঢাকার বায়ুমানের আরো অবনতি ঘটেছে। গত দুই দিনের মতো আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়লেও গত দুই দিনের সকালের তুলনায় আজ ঢাকায় দূষণের মাত্রা বেশি দেখাচ্ছে সূচক।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর বাতাসের স্কোর ছিল ২৫০। গতকাল একই সময়ে ঢাকার বাতাসের স্কোর ছিল ২২০। দুটো স্কোরই ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে। আর এর মাধ্যমে বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আজ ৩ নম্বরে অবস্থান করছে রাজধানী শহর ঢাকা।
বেলা বেড়ার সঙ্গে সঙ্গে রোদের আগমনে বাতাস অপেক্ষাকৃত লঘু হয়। তবে ঢাকায় কুয়াশা বেড়েছে বলে বাতাসের স্তর এখনো ভারি।
দূষণে শীর্ষ দুই শহর যথাক্রমে ভারতের রাজধানী ও মিসরের রাজধানী কায়রো। শহর দুটির স্কোর যথাক্রমে ২৮৪ ও ২৬১। অর্থাৎ, বিশ্বের সবচেয়ে দূষিত তিন শহরের বাতাসই আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার ৪ নম্বরে আছে কলকাতা। ২০৫ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে শহরটি। এছাড়া, ৫ম অবস্থানে পাকিস্তানের শহর লাহোর। স্কোর ১৯২।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।