কুষ্টিয়ায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মামা-ভাগনের মৃত্যু

মোটরসাইকেল আরোহীরা মজমপুর থেকে চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে মোল্লাতেঘরিয়া যাচ্ছিলেন। পথে জিলা স্কুল সামনে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় প্রাণ হারানো রাহাত ইসলাম পলাশ (৩০) জেলা শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, সাভারে কর্মরত ছিলেন। অন্যজন কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম অনিক (২৩) পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন। তারা সম্পর্কে মামা-ভাগনে।

জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা মজমপুর থেকে চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে মোল্লাতেঘরিয়া যাচ্ছিলেন। পথে জিলা স্কুল সামনে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পলাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রাত আড়াইটার দিকে ফাহিমও মারা যান। দুর্ঘটনায় তানভীর গণি নামে আরেকজন আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, মোটরসাইকেলটি পার্শ্ববর্তী সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিল। এ সময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। আহত তানভিরের কাছ থেকে ঘটনার বয়ান নেয়ার চেষ্টা চলছে।

আরও