আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদালতের আদেশে ৫ প্রার্থীর মনোনয়ন গ্রহণ করে বাছাই ও ৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একাধিক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত আদালত থেকে প্রার্থী সংক্রান্ত ৩৪টি আদেশ এসেছে। যার মধ্যে ১৪টির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে কমিশন। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। এতে করে প্রার্থী সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আদালতের আদেশ প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
যে ৫ জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের জন্য বলা হয়েছে তারা হলেন— ফরিদপুর-৪ আসনের সারোয়ার মিয়া, রংপুর-৫ আসনের মো. মাহবুবর রহমান, ঢাকা-১৫ আসনের মো. নিলভ পারভেজ, জামালপুর-১ আসনের মো. রফিকুল ইসলাম ও ঢাকা-১০ আসনের আব্দুল্লা আল হোসেন।
যে ৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন— নরসিংদী-৪ আসনের কাজী শরিফুল ইসলাম, গোপালগঞ্জ-২ আসনের রনী মোল্লা, পাবনা-৩ আসনের মো. হাসানুল ইসলাম, নড়াইল-১ আসনের গাজী মাহাবুয়াউর রহমান, চট্টগ্রাম-১১ আসনের মুহাম্মাদ নেজামউদ্দিন, যশোর-৫ আসনের মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের এস এম আব্দুল মান্নান, সিরাজগঞ্জ-৫ আসনের মো. হুমায়ুন কবির ও সিরাজগঞ্জ-২ মো. সোহেল রানা।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।