গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গত কয়েকদিনের ঘটনাগুলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে, তাদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি।
আজ সোমবার (২৪ মার্চ) বরিশাল প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বললে, জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি, ছাত্রনেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনা সদরে গিয়েছিলেন। ছাত্রদের সেনাপ্রধান ডাকেন নি।
নূর বলেন, গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না। এরপর তিনি কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।