গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন, তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ল স্থানে আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ড ভ্যান গাইবান্ধার শহরের দিকে যাচ্ছিল। মন্দুয়া এলাকার শাহানা ফিলিং স্টেশনের সামনে সিএনজিকে রাস্তা ছাড়ার সময় ঘটনাস্থলে থাকা অটোরিকশাকে চাপা দেয় কাভার্ড ভ্যানটি। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো চার যাত্রী আহত হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’