মুন্সিগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে (৩২) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী সুমন মিয়া। সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে পৌরাসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫ টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সুমন।
নিহত মিতু আক্তার পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে বলে জানিয়েছে পুলিশ। আর অভিযুক্ত সুমন মিয়া (৫০) মিরকাদিম পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছেলে ও একই এলাকার স্থানীয় বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করেন সুমন। মিতুর আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেখানে তার তিন সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গতকাল তাকে ফিরিয়ে আনেন স্বামী সুমনের বন্ধুরা। পরে রাত ২টার দিকে বন্ধুদের সঙ্গে মদ পান করে স্ত্রী মিতুকে বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করেন সুমন। এতেই মৃত্যু হয় মিতুর। পরে ভোরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।