তরুণদের ডিজিটাল সক্ষমতা, সচেতনতা ও অনলাইন পরিসরে সহনশীলতা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘এ ডায়ালগ অন দ্য ইয়ুথ কানেক্ট: ডিজিটাল রেজিলিয়েন্স প্রজেক্ট’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাকডোনাল্ড।
ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ও ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের পরিচালনায় ‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল রেজিলিয়েন্স প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণধর্মী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে রাজশাহী থেকে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সংলাপটির আয়োজন করে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
এদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে সংলাপের প্রথম পর্ব শুরু হয়। এতে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশিদ এবং লিবারেল আর্টস বাংলাদেশ বিভাগের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ডি এম সুমন রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষে উক্ত প্রজেক্ট বাস্তবায়নকারী শিক্ষক প্রফেসর ড. নাজিয়াত হোসেন, বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর মো. খাদেমুল ইসলাম, প্রফেসর মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার ও মামুন আব্দুল কাইউম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রজেক্ট বাস্তবায়নকারী শিক্ষক সাজ্জাত হোসেন ও মুহাম্মদ রাকিব হোসাইন, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক রিয়াজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, বর্তমান ডিজিটাল পরিবেশে মানুষ প্রতিদিন বিপুল পরিমাণ তথ্যের মুখোমুখি হচ্ছে। তবে তথ্যের সহজপ্রাপ্যতা সবসময় সত্যের নিশ্চয়তা দেয় না। তাই তরুণদের সমালোচনামূলক চিন্তা, তথ্য যাচাই, ভুল তথ্য শনাক্তকরণ, ডিজিটাল সাক্ষরতা ও দায়িত্বশীল যোগাযোগের দক্ষতা অর্জন জরুরি। ‘ইয়ুথ কানেক্ট’ প্রকল্প এ দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাবির ৬০ জন শিক্ষার্থী এ প্রকল্পের প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তাদের চারটি দলে ভাগ করে বিভিন্ন কমিউনিটির জন্য ‘কমিউনিটি অ্যাকশন প্ল্যান’ তৈরি করা হয়েছে। আবাসিক হলের শিক্ষার্থী, ক্যাম্পাসের সহায়ক কর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্য এবং আশপাশের কমিউনিটির তরুণদের নিয়ে এসব কার্যক্রম পরিচালিত হয়েছে।
এরপর পুরো প্রজেক্ট নিয়ে ইউল্যাবের পক্ষে রিয়াজ উদ্দিন, রাবির পক্ষে ড. নাজিয়াত হোসেন চৌধুরী ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাজ্জাত হোসেন প্রেজেন্টেশন দেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের সিইও স্কট ম্যাকডোনাল্ড বলেন, তথ্যের সুযোগ পাওয়াই যথেষ্ট নয়; কোন তথ্য বিশ্বাস করা যায়, তা যাচাই করে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের কণ্ঠস্বর ও তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ালেও ভুয়া তথ্য ও অনলাইন ম্যানিপুলেশনের ঝুঁকি তৈরি করছে। তাই ‘ইয়ুথ কানেক্ট’ প্রকল্পের মাধ্যমে তরুণদের সমালোচনামূলক চিন্তা ও তথ্য যাচাইয়ের দক্ষতা তৈরি করা হচ্ছে। অপতথ্যের বিরুদ্ধে সহনশীলতা গড়ে তোলা শুধু সরকার, সাংবাদিক বা প্রযুক্তি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব।
রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তি শিক্ষা ও যোগাযোগের সুযোগ বাড়ালেও অপতথ্য, ভুল তথ্য ও প্রযুক্তির দায়িত্বহীন ব্যবহারে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং দায়িত্বশীল ও নৈতিক ব্যবহারের দক্ষতা অর্জন জরুরি। এ প্রকল্প শিক্ষার্থীদের নিজেদের কমিউনিটিতে শেখা জ্ঞান প্রয়োগের সুযোগ তৈরি করছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, আমাদের প্রশাসন একটি এমন একাডেমিক পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে শেখা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও অনুসন্ধানকে গুরুত্ব দেয়া হয়। শিক্ষার্থী ও গবেষকেরা যাতে জ্ঞানকে এগিয়ে নিতে এবং উদ্ভাবনে ভূমিকা রাখতে প্রয়োজনীয় সম্পদ, সুযোগ-সুবিধা ও সুযোগ পান, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। ব্রিটিশ কাউন্সিল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ধন্যবাদ, এ ধরণের আয়োজন ভবিষ্যতেও হবে বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানের প্রথম পর্ব বেলা ১১টা পর্যন্ত চলে। এরপর একই ভবনের চতুর্থ তলায় প্রকৌশল অনুষদের কনফারেন্স কক্ষে সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পে প্রশিক্ষিত নির্বাচিত তরুণ শিক্ষার্থী ও প্রশিক্ষক শিক্ষকদের অভিজ্ঞতা শোনেন স্কট ম্যাকডোনাল্ড। এতে প্রকল্পের ১০ জন প্রশিক্ষণার্থী ও চারজন প্রশিক্ষক অংশ নেন। এ সময় রাবির পক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি, ফ্যাসিলিটিটেটর ছাড়াও ব্রিটিশ কাউন্সিল ও ইউল্যাবের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।