বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেড়িবাঁধে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রী ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
মৃতরা হলেন- ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মুক্তা মনি (৯)। সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী ও মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। সে ঈদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। সম্পর্কে তারা চাচাত বোন ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকজন শিশু বেড়িবাঁধের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে মুক্তা মনি ও জেসি মনি পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুর কাছে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়নটির কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।