সুদানে বাংলাদেশী শান্তিরক্ষীদের ওপর শনিবারের ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হামলায় ছয়জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
জাতিসংঘ মহাসচিব আজ রোববার সামাজিকমাধ্যম এক্স-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানান।
গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি।‘
তিনি আরো বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আজ দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর জন্য অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
জাতিসংঘ মহাসচিব তার বিবৃতিতে এই বর্বর হামলায় নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতিও শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
আরো পড়ুন: সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশী শান্তিরক্ষী