চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় সাগরিকা শিপইয়ার্ডে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. বুলবুল ইসলাম (৩৩)।
নিহত বুলবুল নওগাঁ জেলার মান্দা থানার নলতৌড় গ্রামের মো. মমতাজের ছেলে। এই ঘটনায় মো. হারুন নামে একজন আহত হয়েছেন।
ঘটনাটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দীন তালুকদার জানান, বুধবার দুপুরে সীতাকুণ্ডের সাগরিকা শিপইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার প্লেটের আঘাত লাগে বুলবুলের। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চমেকের মর্গে পাঠানো হয়েছে।
মেডিকেলে নিয়ে আসা সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি ইয়ার্ডের শ্রমিক এবং নিহতের ফুফাত ভাই মো. শাকিল হোসেন বলেন, দুপুর ১২ টার দিকে ভারি অ্যালুমিনিয়ামের বয়লারের ট্যাংক কাটার সময় সেটি বুলবুলের শরীরে উপরে এসে পড়ে। এ সময় তার মাথা ও হাত গুরুতরভাবে জখম হয়।