রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী। শনিবার (৪ এপ্রিল) সকালে হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব বলেন, জনবল নিয়োগ একটি জটিল প্রক্রিয়া। এটি কয়েকটি মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে। তবে সরকারের সদিচ্ছা থাকায় এ সমস্যার দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল একটি পুরনো প্রতিষ্ঠান হলেও এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। ৬০০ শয্যার হাসপাতালকে ১ হাজারে উন্নীত করা হলেও সে অনুযায়ী জনবল নিয়োগ দেয়া হয়নি। বর্তমানে ১ হাজার শয্যার এ হাসপাতালে প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত জনবল না থাকায় সেবার মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষও সেবা দিতে হিমশিম খাচ্ছে।
হাসপাতালের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, বর্তমানে এখানে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি বিভাগ তৈরির কাজ চলছে। তিনি নিজে এসব অবকাঠামো পরিদর্শন করেছেন এবং ভবন তৈরির সঙ্গে সঙ্গেই যেন প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হয়, সে বিষয়ে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া শিশু হাসপাতালসহ অন্যান্য বিভাগেও জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
এ সময় হামের চিকিৎসাসহ সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানানো হয়।
পরিদর্শনের সময় অতিরিক্ত সচিব হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শরিফুল ইসলাম নন্তুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।