‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কন্ঠস্বর’ প্রতিপাদ্য সামনে রেখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বিতর্ক উৎসব’ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুদিনব্যাপী এই উৎসব আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও মডারেটর অধ্যাপক আমিরুস সালাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডিইউডিএসের সভাপতি জুবায়ের হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউডিএসের সাধারণ সম্পাদক রাগীব আনজুম।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পৃথিবীব্যাপী স্বীকৃত জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম একটি মাধ্যম হলো বিতর্ক। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা এ বিতর্ক চর্চা অব্যাহত রেখেছি। তিনি বলেন, অনেক মানুষের অবদানের বিনিময়ে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। এর মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার সুযোগ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে বিতর্ক উৎসব আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা ধারণ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির অংশ হিসেবে এই বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ জুলাই। সংসদীয় পদ্ধতিতে এই উৎসবের বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৫৪টি দল অংশ নিচ্ছে।