চাঁদা দাবিতে এক লেগুনাচালককে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন ডা. শফিকুর রহমান।
গত শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তসংলগ্ন সুফিয়া গার্মেন্টের পাশে নূরে আলম ওরফে খায়রুল নামের ওই লেগুনাচালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খায়রুলের মৃত্যু হয়। তার স্বজনেরাও অভিযোগ করেছেন, চাঁদার দাবিতে খায়রুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।’