কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা বাড়ল ১৫ দিন

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ৮ আগস্ট বৈঠক করে হ্রদে মাছ আহরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ৮ আগস্ট বৈঠক করে হ্রদে মাছ আহরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গত মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গতকাল হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার কথা ছিল।

বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদের পানি পর্যাপ্ত না বাড়া ও সার্বিক পরিস্থিতির কারণে মাছ আহরণ এখন বন্ধ থাকবে। আগামী ৮ আগস্ট বৈঠক করে মাছ আহরণ ও বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী নেতা উদয়ন বড়ুয়া ও মো. শুক্কুর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা।

এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাস দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষম বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময়ে হ্রদের মাছ বাজারজাতসহ স্থানীয় বরফকলগুলোও বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। তবে গেল বছর কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক কমে যাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১২ দিন আগেই বন্ধ করা হয় মাছ আহরণ। আবার তিন মাসের নির্ধারিত সময়ে হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় দুই দফায় আরো এক মাস ১২ দিন বন্ধের সময় বর্ধিত করা হয়। চার মাস ১২ দিন মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে ফের মাছ আহরণ শুরু হয়। এবারো বর্ধিত সময়েও পর্যাপ্ত পানি না বাড়লে আরেক দফা বন্ধের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মৎস্য অধিদপ্তরের হিসাবে, রাঙ্গামাটির রাজস্থলী ও কাউখালী ছাড়া বাকি আট উপজেলা ও খাগড়াছড়ির দীঘিনালা এবং মহালছড়ি উপজেলা মিলে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল প্রায় সাড়ে ২৬ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন।

আরও