শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে রাবি শিক্ষার্থীর অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবিতে অনশন করছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক রহমান। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাকে অনশন করতে দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার রাকসুর ভিপি ও জিএসের কাছে তিন দফা দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

এক যৌথ আবেদনে শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে বিভাগীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অডিও ক্লিপ, স্ক্রিনশট এবং ফরেনসিক রিপোর্টসহ বিভিন্ন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্ববিদ্যালয় আইন (১৯৭৩) অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সর্বদা স্বচ্ছতা, যোগ্যতা ও ন্যায়বিচারের নীতি অনুসারে পরিচালিত হওয়া উচিত। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

অভিযোগের প্রেক্ষিতে স্বাধীন ও ফরেনসিক সমর্থিত তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়োগের ফলাফল স্থগিত রাখা এবং ন্যায়বিচার ও আস্থার পরিবেশ পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা।

এ বিষয়ে অনশনরত নাট্যকলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক রহমান বলেন, ‘আমাদের একটাই দাবি, স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করা। আমরা জানতে পেরেছি, আমাদের বিভাগের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে। সেই দুর্নীতির প্রমাণ হিসেবে আমরা একটা অডিও ক্লিপ পেয়েছি। আমরা চাই, এই বিষয়ে সুষ্ঠু জবাবদিহি আসুক। সেই জবাবদিহিতার জন্য আমরা বারবার বসার চেষ্টা করলেও বিভাগের সভাপতি আমাদের সঙ্গে বসেননি।’

তিনি আরো বলেন, ‘গতকাল আমরা ৪ ঘণ্টা প্রতীকী অনশনে ছিলাম, আজ বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতীকী অনশনে থাকছি। যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।’

আরও