জাতীয় নির্বাচনে নারীদের পর্যাপ্ত অংশগ্রহণ নিশ্চিত না করলে রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধন হারাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 'সংসদীয় নির্বাচন ও গণভোট ২০২৬'-এর পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক নির্ধারণের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বাদ দেয়া। আইন বানানোর এখতিয়ার সংসদের, আর তা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। তবে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
নির্বাচন কমিশনার আরো উল্লেখ করেন, নির্বাচনে নিয়ম মেনে অংশ না নিলে দলগুলো বাছাই প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারে।
সেইসঙ্গে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছিল বলেও জানান তিনি। এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এ সদিচ্ছা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংলাপে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আব্দুল আলীম সামনের নির্বাচনগুলো নিখুঁত করতে ইসির নির্দিষ্ট একশন প্ল্যান থাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ফান্ড সংগ্রহের ওপর জোর দেন।