জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের একাধিক নির্বাচিত প্রতিনিধি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জিতু।
যোগদান অনুষ্ঠানে আব্দুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসুর ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই।
এদিন ছাত্রদলে যোগদান করেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।