চূড়ান্ত পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম আবর্তনের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. ফরহাদুল ইসলাম বলেন, করোনার মহামারীর মধ্যে দেশের সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। কওমি মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ও চূড়ান্ত পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে। কিন্তু জাবি প্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে জাবির চতুর্থ বর্ষের দুই হাজার শিক্ষার্থীর জীবন। আমরা চাই, অবিলম্বে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হোক।
অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করে ৬ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়। এর মধ্যে পরীক্ষার সময়সূচি ঘোষণা না করলে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।