বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘গানের আর্তনাদ’ শিরোনামে কর্মসূচির আয়োজন করেছিল ‘সম্প্রীতি যাত্রা’ নামে একটি প্ল্যাটফর্ম। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় জাদুঘরের সামনে ওই কর্মসূচি চলাকালে সেখানে মিছিল নিয়ে যায় বেশ কয়েকজন। তারা বাউলদের পক্ষে এ কর্মসূচির বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন বিকাল সাড়ে ৪টার 'জুলাই মঞ্চে'র ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে ওই কর্মসূচির মঞ্চের সামনে আসে। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের সঙ্গে থাকা মাইক থেকে বাউল আবুল সরকারের মুক্তি দাবির বিরোধিতা করে বক্তব্য দেয়া হয়। তারা ‘গানের আর্তনাদ’ কর্মসূচি পালনে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়।
এর মধ্যেই ‘গানের আর্তনাদ’ কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চের বাঁশ ধরে টানাটানি করে বাধাদানকারীরা। এতে অনুষ্ঠানের ব্যানারটি পড়ে ভেঙে যায়। সম্প্রীতি যাত্রার কর্মীরা সেটি আবার তুলে ধরেন। এর কিছুক্ষণ পর জুলাই মঞ্চের নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। এরপর ‘গানের আর্তনাদ’র কার্যক্রম আবার শুরু হয়। আলোচনা পর্ব শেষে বাউলদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিলও হয়।
আয়োজকদের একজন শিল্পী বিথী ঘোষ গণমাধ্যমকে বলেন, আমাদের আয়োজন শুরু হয়েছে, আলাপ চলছে। এমন সময় ‘জুলাই মঞ্চের’ নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। পেছনে ‘ব্যাকড্রপ’ ভেঙে দেন। এখানে তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন, কিন্তু আমরা কোনো ধরনের ধাক্কাধাক্কিতে যাইনি। আমরা তাদের বলেছি, আমাদের কাজটা আমাদের করতে দেন, আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।
তবে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেছেন, আমরা হামলার কোনো অভিযোগ পাইনি, এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।