নারী নিপীড়নের বিরুদ্ধে সাতদিনের মধ্যে সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান ঢাবি সাদা দলের

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি, আপনাদের সাতদিন সময় দিচ্ছি। এ সাতদিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসব। আমরা রাজপথে নেমে আসব। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’

ধর্ষণ ও নারীর ওপর নিপীড়নের ঘটনাগুলোতে সাতদিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচার দাবিতে আয়োজিত এ মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি, আপনাদের সাতদিন সময় দিচ্ছি। এ সাতদিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসব। আমরা রাজপথে নেমে আসব। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’

মানববন্ধনে সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশের নারীরা নির্যাতনের শিকার হয়েছে যুগে যুগে। কখনোই আমরা এটি থেকে বের হতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে যখন হেনস্তা হতে হয় কর্মচারীর দ্বারা এবং সে হেনস্তাকেও কেউ কেউ আবার সমর্থন দেয়, তখন লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়। আমরা প্রশাসনকে বলব, এমন প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বলেন, শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতির কারণে ছিনতাই, রাহাজানি, হত্যাকাণ্ড এবং সর্বোপরি নারীদের হেনস্তা, অনিরাপত্তা ও ধর্ষণের ঘটনা ঘটছে। পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে নানাভাবে ষড়যন্ত্র করছেন। অডিও কলের মাধ্যমে তাদের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতিসহ এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছেন উসকানি দিয়ে।’

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মহিউদ্দিনের সঞ্চালনায় মানবন্ধনে আরো বক্তব্য রাখেন সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম, শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরিন, অধ্যাপক তাহমিনা খানম, কুয়েত-মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবা সুলতানা প্রমুখ। এতে শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে উল্লেখ করে বক্তারা বলেন, ‘সংকটকালীন সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ থাকে। কিন্তু সময় অনেক গড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দিনদিন ফুটে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। ধর্ষণ বাড়ছে। যারা নারীদের পোশাক নিয়ে কটাক্ষ করছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রকে বলতে চাই এ সরকার আমাদের আবেগের সরকার। সরকার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা চাই না। নারীরা দুইভাবে হেনস্তার শিকার হচ্ছেন। হিজাব পরলে এক ধরনের মানুষ নারীদেরকে তিরস্কার করছে। আবার কেউ ইচ্ছেমতো পোশাক পরলেও বিভিন্ন নেতিবাচক মন্তব্য শুনতে হয়।’ তারা এসব আচরণের নিন্দা জানান। জনসমক্ষে দ্রুত ধর্ষকদের বিচার না করলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাদা দলের শিক্ষকরা।

আরও