চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে প্রায় ২০০ যাত্রী নিয়ে মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়া বোগদাদিয়া-৭ লঞ্চটি আজ রোববার ভোরে ঢাকা সদরঘাট পৌঁছেছে। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুই-একজন যাত্রী আতঙ্কে অসুস্থ হয়েছেন বলে জানা যায়। দুটি লঞ্চের উদ্ধার তৎপরতায় বোগদাদিয়া-৭ লঞ্চটি আজ সদরঘাট পৌঁছাতে সক্ষম হয়।
শনিবার রাত সোয়া ৮টার দিকে মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া ও চাঁদপুর জেলার সীমানাবর্তী একটি ডুবোচরে লঞ্চটি আটকে যায়।
রাত ৯টার পর এমভি ইমাম হাসান নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে কিছু যাত্রী উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাকি যাত্রীদের উদ্ধারে বোগদাদিয়া-৮ লঞ্চ কাজ করেছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
চাঁদপুর বিআইডব্লিউটিএ-র উপপরিচালক বাবু লাল বৈদ্য সে সময় জানান, ‘লঞ্চটি ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকা গেছে। যাত্রীদের নিরাপদে উদ্ধারে দুটি লঞ্চ কাজ করছে।‘