কুষ্টিয়া বাইপাসে ট্রাকের চাপায় সিএনজির ৫ জন নিহত

সিএনজি অটোরিকশাটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস কন্টেইনারবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির চালক ও দুই যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে আরো দুই জনের মৃত্যু ঘটে।

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশায় গ্যাস কন্টেইনারবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শহরের ব্যস্ত বাইপাস এলাকায় কুষ্টিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুই যাত্রী।

নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরের বাসিন্দা সিএনজিচালক জাকারিয়া ইসলাম (৩৬), কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগরের আশরাফুল ইসলাম (২৮), আমিনা খাতুন (৪৮), কমেলা খাতুন ও শিরিনা খাতুন (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস কন্টেইনারবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক ও দুই যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে আরো দুই জনের মৃত্যু ঘটে।

নিহতদের বাড়ি খাজানগর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার পর বাইপাস সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আহত দুইজন হাসপাতালে নেয়ার পর মারা যান। দুর্ঘটনায় পড়া সিএনজি ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও ট্রাকচালকের নিয়ন্ত্রণ হারানোই এ দুর্ঘটনার মূল কারণ। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও