কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১১ জানুয়ারি) সকালে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ ময়ূরটিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটিকে দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকে আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন সেটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন।

উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে সেটিকে চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, উদ্ধার ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আরও