নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানা গেছে।
আজ ভোর ৫টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোরে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফিরোজপুর থেকে নাটোরে যাচ্ছিল। সরদারপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ থেকে ২৫ জন।
পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক শিশুসহ ১৩ জন পুরুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুমনী আক্তার ও পুলিশ সুপার শরীফুল হকসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।
১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের মরদেহ দাফনে তাদের পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।