টাইমস হায়ার এডুকেশন ও কিউএস র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো শক্তিশালী করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থান নিশ্চিত করতে তথ্য প্রকাশ, গবেষণা সহযোগিতা ও বিভিন্ন কার্যক্রমের তথ্য ওয়েবসাইটে নিয়মিত তুলে ধরার ওপর এতে গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিতে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের পরিকল্পনা নেয়া হবে। প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দক্ষ ও যোগ্য জনবলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা বর্তমান প্রশাসনের লক্ষ্য বলে জানান উপাচার্য। বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাষা কেন্দ্রকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ ও গুণগত ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম উপস্থিত ছিলেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম শামীম কায়সার। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে প্রাসঙ্গিক তথ্য ও বিভিন্ন কার্যক্রমের তথ্য নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বিভিন্ন বিভাগের সঙ্গে সরকারি দপ্তরের যৌথ কার্যক্রম, শিক্ষার্থী-শিক্ষিকার অনুপাত, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সচিত্র প্রতিবেদন এবং ব্যতিক্রমী ও অনন্য আয়োজনের সচিত্র সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতার তথ্য ওয়েবসাইটে প্রকাশের ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা এবং সমঝোতা স্মারকের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন ও প্রয়োজনীয় প্রস্তুতির তথ্য, বিভাগগুলোর বিস্তারিত কোর্স তালিকা এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নির্মিত প্রামাণ্যচিত্র প্রকাশের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।