নিরাপত্তাকর্মীদের বেঁধে নাটোরে বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ লুট

নাটোরের বড়াইগ্রামে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় পাওয়ার গ্রিডের ৩৬৮টি ব্যাটারিসহ প্রায় ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টা থেকে ২টার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, বুধবার রাত ৮টার দিকে প্রথমে পাঁচ-ছয়জন বিদ্যুৎ উপকেন্দ্রের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনের হাত-পা বেঁধে রাখে। পরে আরো ২০-২৫ জন প্রবেশ করে। সেখানে থাকা ছয়জন নিরাপত্তাকর্মীকে বেঁধে মালপত্র লুট করে তারা। এ সময় ৩৬৮টি ব্যাটারি, পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিনসহ অন্তত ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট করে দুর্বুত্তরা। গতকাল সকালে অন্য নিরাপত্তাকর্মীরা গিয়ে পুলিশে খবর দেন। বেলা দেড়টার দিকে নাটোর ডিবি পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ মামলা করেছে।

আরও